
ফর্মের তুঙ্গে থাকার পুরস্কারটা হাতেনাতেই পেলেন গতিতারকা নাহিদ রানা। আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে তার সঙ্গে এগিয়েছেন তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়রা।
দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের ইনিংসে ১৪ ধাপ এগিয়ে তানজিদ এখন ৪০ নম্বরে। হৃদয় ৫ ধাপ উন্নতিতে ২৬ নম্বরে উঠে বাংলাদেশিদের মধ্যে সেরা। নাজমুল হোসেন শান্ত ১ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে, লিটন দাস ৮০তম। ওপেনার সাইফ হাসান ১৫ ধাপ লাফ দিয়ে ৮৯ নম্বরে।
বোলিংয়ে ১০ ধাপ এগিয়ে রিশাদ হোসেন ৫৮ নম্বরে। বড় লাফ নাহিদ রানার—৩২ ধাপ এগিয়ে এখন ৬৪তম। ২০২৪ সালের পর প্রথম ওয়ানডে খেলা শরিফুল ইসলাম দীর্ঘ বিরতির কারণে র্যাঙ্কিংয়ের বাইরে ছিলেন, এবার ফিরেছেন ৩৯ নম্বরে।
২ ধাপ পিছিয়ে ৮ম স্থানে নেমে গেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তবুও বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে তিনি। আর নিউজিল্যান্ড সিরিজে এখনো ম্যাচ না খেলায় ৭ ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে নেমেছেন মুস্তাফিজুর রহমান।
