
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের নতুন স্বাধীন পরিচালক (ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর) হিসেবে ড. রস রিভাজকে নিয়োগ দিয়েছে। শনিবার (৩০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তিনি এই পদে ভারতের ইন্দ্রা নুয়িরের স্থলাভিষিক্ত হলেন।খবর ইএসপিএন-এর।
আইসিসি জানিয়েছে, প্রাথমিকভাবে তিন বছরের জন্য বোর্ডে দায়িত্ব পালন করবেন ড. রিভাজ। পরবর্তীতে মেয়াদ আরও একবার বাড়ানোর সুযোগ থাকবে। আইসিসির স্বাধীন পরিচালক পদটি একজন বিশিষ্ট নারীর জন্য সংরক্ষিত, যিনি সামাজিক ও পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বর্তমানে ড. রস রিভাজ যুক্তরাজ্যভিত্তিক অ্যাংলিয়ান ওয়াটার এবং ইউকে কোম্পানিজ হাউসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি অ্যাপেরাম এসএ ও ভিকট্রেক্স পিএলসির লিড ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবেও কাজ করছেন।
বোর্ড পর্যায়ে যোগ দেয়ার আগে তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে শীর্ষ নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন। কৌশল নির্ধারণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কর্মদক্ষতা উন্নয়নের ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘করপোরেট সুশাসন, কৌশলগত পরিকল্পনা এবং কার্যকর পরিচালনা সম্পর্কে ড. রিভাজের গভীর জ্ঞান রয়েছে। একই সঙ্গে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির প্রতি তার প্রতিশ্রুতি তাকে আইসিসি বোর্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’
নিয়োগের বিষয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘ক্রিকেট যখন মাঠের ভেতরে ও বাইরে নতুন সুযোগ অনুসন্ধানের পাশাপাশি বিশ্বজুড়ে নিজেদের বিস্তার ঘটাচ্ছে, তখন ড. রিভাজের কৌশলগত দৃষ্টিভঙ্গি, স্বাধীন মতামত এবং শক্তিশালী সুশাসনের প্রতি অঙ্গীকার আমাদের জন্য অত্যন্ত মূল্যবান হবে।’
নিজের নিয়োগ নিয়ে প্রতিক্রিয়ায় ড. রস রিভাজ বলেন, ‘আইসিসি চেয়ারম্যান, বোর্ডের অন্যান্য সদস্য এবং বৃহত্তর ক্রিকেট পরিবারের সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। ক্রিকেটের ধারাবাহিক বিকাশে ভূমিকা রাখতে পারা আমার জন্য গর্বের বিষয়।’
