
ক্রিকেটের স্বর্গ লর্ডসে আবারও বাংলাদেশের টেস্ট। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের ঐতিহাসিক এই মাঠে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে শুরু হয়ে গেছে টিকিট সংগ্রহের প্রক্রিয়াও।
‘হোম অব ক্রিকেট’খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড গতকাল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিটের জন্য সাধারণ দর্শকদের ব্যালট উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আগামী গ্রীষ্মে লর্ডসে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিট পাওয়ার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।
টিকিটের এই ব্যালটে অংশ নেয়ার সুযোগ থাকবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। এরপর নভেম্বরের শুরুতে নির্বাচিত দর্শকদের ই-মেইলে ফল জানানো হবে। যারা প্রথম ধাপে টিকিট কেনার সুযোগ পাবেন, তাদের ১৭ নভেম্বরের মধ্যে তা কিনতে হবে। আর সবার জন্য টিকিট বিক্রি শুরু হবে ১০ ডিসেম্বর থেকে।
বাংলাদেশের জন্য লর্ডস সফরটি শুধু আরেকটি টেস্ট সিরিজ নয়, দীর্ঘ অপেক্ষারও অবসান। সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে ১৭ বছর। ২০২৭ সালে সেই অপেক্ষা শেষ করে আবারও লর্ডসের মাঠে নামবে বাংলাদেশ দল।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০১৬ সালে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। এরপর আর টেস্টে মুখোমুখি হয়নি দুই দল।
লর্ডসে অবশ্য বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আছে বিশেষ কিছু স্মৃতি। ২০১০ সালের সেই সফরেই এই মাঠে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন তামিম ইকবাল। মাত্র ৯৪ বলে তিন অঙ্কে পৌঁছে সেঞ্চুরি উদযাপনে স্বরনীয় এক মুহূর্ত তৈরি করেছিলেন বাংলাদেশের সাবেক এই ওপেনার।
সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু। সেই তামিম এখন আর মাঠে খেলেন না; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আর বাংলাদেশ দল ফিরতে যাচ্ছে সেই লর্ডসেই। যেখানে ১৭ বছর আগে তৈরি হয়েছিল দেশের ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
এবার তাই লর্ডসের টেস্ট ঘিরে শুধু ক্রিকেটীয় উত্তেজনাই নয়, ফিরছে পুরোনো স্মৃতিও। আর সেই ম্যাচের টিকিটের লড়াই শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগেই।
