
জয়পুরহাটের কালাইয়ে সরকারি সফরে যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এক নারীকে বাঁচাতে গিয়ে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রীসহ তিনজন আহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত নারী ফিরোজা বেগম (৫৫) কিচক ইউনিয়নের গাদগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে জিয়া মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা গেছে, জয়পুরহাটের কালাইয়ের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। পথে কিচক ব্রিজের সামনে ফিরোজা বেগম হঠাৎ সড়কে উঠে এলে তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়।
খবর পেয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিমন্ত্রীকে উদ্ধার করেন। পরে তাকে কালাই হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী গানম্যান মুক্তারুলও আহত হয়েছেন।
কালাই থানার ওসি সাইদুল আলম জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তার পায়ে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।
