
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের ময়দান খোলা এলাকায় একটি বন্যপ্রাণী শিয়াল হত্যা করে তার মাংস বিক্রির বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দা, পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি শিয়ালটি হত্যা করে। পরে ‘নাইম রাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির একটি পোস্ট প্রকাশ করা হয়।
পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা এর তীব্র নিন্দা জানান। একই সঙ্গে বিভিন্ন পশুপ্রেমী ও পরিবেশবাদী সংগঠন এ ঘটনাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
পরিবেশবাদীদের অভিযোগ, দেশে প্রচলিত বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন উপেক্ষা করে প্রকাশ্যে একটি সংরক্ষিত বন্যপ্রাণী হত্যা এবং তার মাংস বিক্রির প্রচারণা অত্যন্ত উদ্বেগজনক। তারা দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বরিশাল বিভাগের বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। আমরা লোক পাঠিয়ে তদন্ত করব এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
