
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জুনে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। টাইগারদের সাম্প্রতিক পাফরম্যান্সও দুর্দান্ত। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ জয় যার বড় উদাহরণ। এছাড়াও আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষেও সাদা বলের সিরিজ জিতেছেন টাইগাররা। দলের আত্মবিশ্বাসও আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।
অস্ট্রেলিয়া সফরের আগে নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বলেন, ‘আমরা যেভাবে গত তিনটা সিরিজ খেলছি আমি বিশ্বাস করি যে আমাদের খেলোয়াড়রা যদি তাদের সেরা ক্রিকেট খেলে, তিনটা বিভাগই ভালো করে, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ধরে ধরে চিন্তা করে আমরা সিরিজ জিততে পারব ইনশা আল্লাহ।’
যদিও অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ সহজ হবে না। সেটা মানেন আশরাফুল। ২০০৫ সালে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অজিদের হারানোর স্মৃতি এখানো তাজা এই সাবেক ক্রিকেটারের। সেই সিরিজে অধিনায়ক ছিলেন আশরাফুল। ঐতিহাসিক সেই জয়ের কথা তুলে গতকাল সংবাদমাধ্যমকে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে (সিরিজ) অবশ্যই কঠিন হবে। আমরা ২০০৫ সালে কার্ডিফে জিতেছিলাম, এরপরে আসলে আর কখনোই জেতা হয়নি। যদিও অত বেশি ম্যাচ খেলিনি। অল্প ম্যাচ খেলেছি কিন্তু আর জেতা হয়নি। আমি যখন অধিনায়ক ছিলাম, একবার কাছাকাছি গিয়েছিলাম।’
প্রথমবারের মতো ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১৯৮ রানে স্বাগতিকদের অলআউট করেছিল টাইগাররা। তবে শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। সেই আক্ষেপের কথা তুলে ধরে আশরাফুল বলেন, ‘২০০৮ সালে আমরা অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, তাদের ১৯৮ রানে অলআউট করেছিলাম। ঐ ম্যাচটা তামিম অর্ধশতক করেছিল, সাকিবও ভালো করে, কিন্তু জিততে পারিনি। ঐ একটা ম্যাচই মনে হয় আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম, যেটা আমাদের জেতার মতো ছিল।’
