
হৃদযন্ত্র সুস্থ রাখতে প্রতিদিনের খাবারে বাদামজাতীয় খাবার দারুণ ভূমিকা রাখতে পারে।
আর এই বাদামগুলোর মধ্যে আখরোটকে এখন স্বাস্থ্যবিশেষজ্ঞরা অন্যতম ‘সুপারফুড’ হিসেবে বিবেচনা করছেন।
এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন ও ম্যাগনেশিয়াম হৃদযন্ত্র, মস্তিষ্ক এবং সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী।
আখরোটের সবচেয়ে বড় গুণ হলো এটি শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে।
এই প্রদাহই হৃদরোগ, কোলেস্টেরল বৃদ্ধি, মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়া এবং দ্রুত বার্ধক্যের মতো নানা সমস্যার সঙ্গে জড়িত। নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাস তাই দীর্ঘমেয়াদে হৃদযন্ত্র, মস্তিষ্ক ও অন্ত্রের সুস্থতা ধরে রাখতে সহায়ক।
তবে উপকার পেতে হলে পরিমিত খাওয়াই জরুরি। বিশেষজ্ঞদের মতে, দিনে প্রায় ২৮ গ্রাম বা এক মুঠো আখরোটই যথেষ্ট।
এই পরিমাণে প্রায় ২.৫ গ্রাম উদ্ভিজ্জ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা প্রদাহ কমাতে কার্যকর। এর চেয়ে বেশি নিয়মিত না খাওয়াই ভালো।
আখরোট খাওয়ার উপায়ও সহজ। শুধু কাঁচা চিবিয়ে খাওয়া ছাড়াও এটি ওটমিল বা স্মুদিতে মিশিয়ে, দই বা ভাতের সঙ্গে, কিংবা সালাদের ওপর ছড়িয়ে খাওয়া যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এক মুঠো আখরোট রাখলে হৃদযন্ত্রের পাশাপাশি পুরো শরীরই উপকৃত হবে।
