
বিশ্বকাপে জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। গতকাল লিওনেল মেসি, কিলিয়াম এমবাপ্পে ও আলিং হালান্ডের জোড়া গোলে রাঙালেন নিজেদের। তিন তারকা মিলে আবার উপহার দিলেন বিশ্বকাপে বিশ্ব কাঁপানো একটি দিন।
আগের ম্যাচে একটু এগিয়ে ছিলেন লিওনেল মেসি। এবার তিনজনই পাশাপাশি, কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান! জোড়া গোলে বিশ্বকাপে গোলের রেকর্ড নতুন উচ্চতায় নিয়ে গেলেন মেসি। তার পিছু ছুটতে থাকা কিলিয়াম এমবাপেও জোড়া গোলে রাঙালেন রাত। এরপর আর্লিং হলান্ড আবার দুই গোলে জানান দিলেন নিজের অস্তিত্ব।
আগের ম্যাচের হ্যাটট্রিক এখনও একটু এগিয়ে রেখেছে মেসিকে। সেদিনের পুনরাবৃত্তির সুযোগ ছিল তার। পেনাল্টি কাজে লাগাতে পারলেই হয়তো টানা দুই ম্যাচে হ্যাটট্রিক হয়ে যেত জাদুকরের। কিন্তু বলটি বাইরে মেরে দেন তিনি। যদিও পরে যথারীতি ঘোর লাগিয়ে দিয়েছেন। পেনাল্টিতে ব্যর্থতার পর দুই গোল করে নিজের ‘অতিমানব’ রূপটি মেলে ধরেছেন আবার।
মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকেই। অস্ট্রিয়ার বিপক্ষে সোমবারের দুই গোলে রেকর্ডটি শুধু একার করে নেননি, নতুন উচ্চতায়ও তুলে নিয়েছেন। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা (২৮টি), সবচেয়ে বেশি জয় (১৮) ও সবচেয়ে বেশি মিনিট (২ হাজার ৪৮৯) খেলার রেকর্ডও গড়েছেন মেসি।
