
টি-টোয়েন্টি ক্রিকেটে ফর্মটা অনেক দিন ধরেই বেশ ভালো লিটন দাসের। তর্কসাপেক্ষে বাংলাদেশ দলের সেরা টি-টোয়েন্টি ব্যাটারও লিটন। দলকে অনেক দিন ধরেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। এলপিএলের আসন্ন মৌসুমে গল গালান্টসের হয়ে মাঠ মাতাবেন লিটন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে গল।
টি-টোয়েন্টি ক্রিকেটে ফর্মটা অনেক দিন ধরেই বেশ ভালো লিটন দাসের। তর্কসাপেক্ষে বাংলাদেশ দলের সেরা টি-টোয়েন্টি ব্যাটারও লিটন। দলকে অনেক দিন ধরেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। লিটনের নেতৃত্বে বাংলাদেশ দলের পারফরম্যান্স, রেকর্ডও বেশ ভালো। সেই সুবাদে এবার খুলে গেল এলপিএলের দরজাও।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগেও খেলেছেন লিটন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন এক ম্যাচ। পিএসএলে করাচি কিংসে সুযোগ পেলেও পরে চোট পেয়ে টুর্নামেন্ট শুরুর আগেই ফিরে এসেছিলেন দেশে। এছাড়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন সারে জাগুয়ার্সের হয়ে। এর আগে লঙ্কান লিগে গল টাইটান্সেও খেলার সুযোগ হয়েছিল লিটনের। সিপিএলে জ্যামাইকা তালাওয়াহসেও খেলেছিলেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক।
ব্যাটিংয়ের সাথে উইকেটরক্ষক হিসেবেও দারুণ পারদর্শী লিটন দাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২০ ইনিংস খেলে ২৩.৪৯ গড়ে ২৭০২ রান করেছেন লিটন। স্ট্রাইকরেট ১২৬.৭৯। ফিফটি হাঁকিয়েছেন ১৬ খানা। এখনও সেঞ্চুরি পাননি। ৮৩ রানের ইনিংসই সর্বোচ্চ।

এলপিএলের এবারের আসরে এখনও পর্যন্ত ৩ বাংলাদেশির খেলা নিশ্চিত হয়েছে। জাফনা কিংসে সরাসরি চুক্তিতে খেলবেন সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ। এবার লিটনের খেলা নিশ্চিত হয়েছে গল গালান্টসে। ১ জুন আয়োজিত হবে ড্রাফট, যেখানে থাকছেন আরও ৩০ বাংলাদেশি।
