
লাহোরে অল্প রানের এক থ্রিলারের দেখাই মিলেছিল গতরাতে। তবে সে রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসিটা পাকিস্তানই হেসেছে। অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান। আর তাতেই গড়া হয়ে গেছে এমন এক কীর্তি, যা পাকিস্তান আর কখনোই গড়ে দেখাতে পারেনি।
গতকালকের ম্যাচের পিচ ছিল স্পিনারদের জন্য স্বর্গ। এই মাঠে রান করা খুবই কঠিন ছিল। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪২ ওভারে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায়। দলের হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন অধিনায়ক জশ ইংলিস। তিনি ওপেনিংয়ে উঠে এসে ৭১ বলে ৬৫ রান করেন। তার পরের সর্বোচ্চ ছিল মাত্র ১৯।
কঠিন উইকেটেও অস্ট্রেলিয়া লড়াকু স্কোর গড়ার পথেই ছিল। ১১৯ রানে ৩ উইকেট ছিল তাদের। সেখান থেকে অস্ট্রেলিয়া ১৫৭ রানে অলআউট হয়ে যায়। শাহিন শাহ আফ্রিদি ৩টি আর শাদাব খান ও আবরার আহমেদ ২টি করে উইকেট নিয়ে অজিদের গুঁড়িয়ে দেন।
রান তাড়ায় পাকিস্তানকে ভালো শুরু এনে দেন মাজ সাদকাত। তিনি ২৬ বলে ২৭ রান করে দলকে দ্রুত শুরু দেন। তবে ম্যাচের আসল ভিত্তি গড়েন বাবর আজম। কঠিন পিচে তিনি ৮৪ বলে ৪০ রান করেন। তবে এরপরও পাকিস্তান ১১২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।
এই চাপের মুহূর্তে দলকে পার করান শাদাব খান। তিনি আবদুল সামাদের সঙ্গে অপরাজিত ৪৯ রানের জুটি গড়েন। শাদাব নিজে অপরাজিত ২৯ রান করেন। পাকিস্তান শেষ পর্যন্ত ছয় উইকেটে ১৬১ রান করে জয় তুলে নেয়।
এই জয়ের ফলে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের হ্যাটট্রিক করল। ২০২২ সালের হোম সিরিজে ২-১, এরপর অস্ট্রেলিয়ায় ফিরতি সফরে একই ব্যবধানে, এবার নিজেদের ঘরের মাঠে আবার ২-১ ব্যবধানে অজিদের সিরিজ হারাল পাকিস্তান।
এমন কীর্তি পাকিস্তান তাদের ইতিহাসে কখনোই গড়তে পারেনি। অজিদের বিপক্ষে পাকিস্তান এ পর্যন্ত দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে ১৩টি। এর মধ্যে কখনোই টানা তিন সিরিজে অজিদের হারাতে পারেনি। শাহিন শাহ আফ্রিদির পাকিস্তান এবার গড়ে ফেলল সেই কীর্তিটি।
