
বাংলাদেশি পেসারদের তিন ফরম্যাটে খেলার দৌড়টা কমই বলা চলে। বিশেষ করে টেস্টে পেসাররা বেশিদিন টিকতে পারেননি। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিংবা টি-টোয়েন্টি লিগের কারণে অনেকেই টেস্ট ফরম্যাট খেলতে অনাগ্রহী। যেমন, দেশসেরা মোস্তাফিজ এখন কেবল সাদা বলের ক্রিকেট খেলেন। এখানেই ব্যতিক্রম তাসকিন আহমেদ।
জাতীয় দলে তিন ফরম্যাটে খেলতে বরাবরই মুখিয়ে ছিলেন তাসকিন। তবে ইনজুরির কারণে টেস্ট ক্যারিয়ারটা দীর্ঘ হয়নি। এরমধ্যেই ১৮ টেস্ট খেলে উইকেটের ফিফটি করেছেন এই পেসার। ১৭ বছর পর কোনো বাংলাদেশি পেসার টেস্টে ৫০ উইকেট শিকার করলো।
এরমধ্য দিয়েই অন্যন্য রেকর্ডে নাম লেখালেন তাসকিন আহমেদ। দেশের প্রথম ও একমাত্র পেসার হিসেবে টেস্টে ৫০ এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ১০০টি করে উইকেট শিকার করেছেন তিনি। এত বছরের ক্রিকেট ইতিহাসে, বাংলাদেশের কোনো পেসার এর আগে এমন কিছু করতে পারেনি।
