
সাউদাম্পটনে ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুকের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল সফরকারী শ্রীলঙ্কা। গতকাল প্রথম টি-টোয়েন্টিতে ব্রুকের ৪২ বলের সেঞ্চুরিতে ১১৯ রানের বিশাল জয় পেয়েছে ইংলিশরা। অধিনায়ক হ্যারি ব্রুকের টানা দ্বিতীয় ও নিজের দ্রুততম টি-টোয়েন্টি শতকে ভর করে এদিন শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।
বর্তমান অধিনায়ক ব্রুকের অপরাজিত ১১৪ ও সাবেক অধিনায়ক বাটলারের ৮০ রানে ভর করে ইংল্যান্ড ২৫৪ রানের পাহাড় গড়ে। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা পুরো দল মিলে তুলতে পেরেছে মাত্র ১৩৫ রান—যা ব্রুকের একার স্কোরের চেয়ে মাত্র ২১ রান বেশি! এক ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় লঙ্কানরা।
২৩ বছর বয়সী ইংলিশ পেসার সনি বেকার তার দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে নজর কেড়েছেন। ৪ ওভারে একটি মেইডেনসহ ১২ খরচায় তিনি নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার লিয়াম ডসন ও জেমি ওভারটনের।
এটি ব্রুকের দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতক এবং ক্যারিয়ারের দ্রুততম। ইংল্যান্ডের হয়ে এর চেয়ে দ্রুত সেঞ্চুরি রয়েছে শুধু ফিল সল্টের, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে। চলতি বছরে সাদা বলের ক্রিকেটে এটি তার তৃতীয় শতক এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন তিনি।
ব্রুকের ব্যাটিং দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করেন সাবেক ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এ সময় তিনি ব্রুকের প্রতিভাকে কেভিন পিটারসেনের সঙ্গেও তুলনা করেন।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ২৫৪/৪ (২০ ওভার) ব্রুক ১১৪*, বাটলার ৮০; শ্রীলঙ্কা: ১৩৫/১০ (১৯ ওভার), ভেল্লালাগে ৩৩, সনি বেকার ৩/১২। ফল: ইংল্যান্ড ১১৯ রানে জয়ী।
সূত্র: ক্রিকইনফো
