
একজন বদলে দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের মানসিকতা, অন্যজন দীর্ঘদিন ধরে গড়েছেন বিশ্বের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজির ভিত। এবার নিউজিল্যান্ডের দুই সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও স্টিফেন ফ্লেমিং একসঙ্গে কাজ করবেন ইংল্যান্ডের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। ম্যাককালামের বিশ্বাস, ঘনিষ্ঠ এই বন্ধুত্বই মাঠের সাফল্যেও ইতিবাচক প্রভাব ফেলবে।
ইংল্যান্ডের সাদা বলের দলের দায়িত্বে থাকা ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, নতুন টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়েই এগোবে ইংল্যান্ডের ক্রিকেট। তার ভাষায়, ইংলিশ ক্রিকেটের জন্য যা সবচেয়ে ভালো, সেটিই তাদের দুজনের একমাত্র লক্ষ্য। এ খবর জানিয়েছে দ্য ইনডিপেনডেন্ট।
‘বাজবল’ দর্শনে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছিলেন ম্যাককালাম। চার বছরের সেই অধ্যায় শেষ করে এখন তিনি মনোযোগ দিচ্ছেন সীমিত ওভারের ক্রিকেটে। আর তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন নিউ জিল্যান্ডের আরেক কিংবদন্তি স্টিফেন ফ্লেমিং, যিনি প্রায় দুই দশক ধরে আইপিএলে চেন্নাই সুপার কিংসকে সফলভাবে পরিচালনা করেছেন।
খেলোয়াড়ি জীবনেই দুজনের বন্ধুত্বের শুরু। ফ্লেমিংয়ের ক্যারিয়ারের শেষ ভাগ আর ম্যাককালামের শুরুটা মিলেছিল একই সময়ে। পরে দুজনই আলাদা সময়ে নেতৃত্ব দিয়েছেন নিউ জিল্যান্ডকে এবং কোচিংয়েও নিজেদের আলাদা পরিচয় গড়ে তুলেছেন। এখন সেই দুই পথ আবার মিলছে ইংল্যান্ডের ড্রেসিংরুমে।
ফ্লেমিংকে নিয়ে ম্যাককালামের প্রশংসা ছিল অকপট।
“টেস্ট দলের সঙ্গে আমার চার বছর দারুণ কেটেছে। এখন দলটি নতুন পথে এগোবে। আমি বিশ্বাস করি, ফ্লেম দুর্দান্ত কাজ করবে। সে অনেকটা আমার মতো, তবে আরও ভালো। এমন একজনকে ইংলিশ ক্রিকেটের জন্য পাওয়া ইসিবির অসাধারণ অর্জন।”
পারিবারিক কারণে ফ্লেমিং এখনই দায়িত্ব শুরু করতে পারছেন না। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক। ফ্লেমিং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে।
ম্যাককালাম জানিয়েছেন, দায়িত্ব ভাগ হলেও লক্ষ্য একটাই। “আমরা প্রায় প্রতিদিনই কথা বলি। একসঙ্গে অনেক কাজ করেছি। আমি তাকে পুরোপুরি বিশ্বাস করি। ইংলিশ ক্রিকেটের জন্য যা সবচেয়ে ভালো, আমরা দুজনেই সেটাই চাই। তিন সংস্করণেই দলকে সফল করতে আমরা নিবিড়ভাবে একসঙ্গে কাজ করব।”
এদিকে নেতৃত্বেও এসেছে পরিবর্তন। বেন স্টোকসের অবসরের পর টেস্ট দলের অধিনায়ক হয়েছেন জো রুট। যদিও অনেকেই ধারণা করেছিলেন, দায়িত্ব পেতে পারেন সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক।
ম্যাককালাম অবশ্য মনে করেন, ব্রুকের সময়ও আসবে। “হ্যারি অসাধারণ একজন ক্রিকেটার এবং দুর্দান্ত নেতা। আমি নিশ্চিত, একসময় টেস্ট দলের নেতৃত্বও তার হাতে যাবে। আপাতত জো রুট এই দায়িত্বের জন্য আদর্শ মানুষ।”
