
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালের লাইনআপ চূড়ান্ত। শিরোপার লড়াইয়ে এবার মুখোমুখি হবে জাফনা কিংস ও গল গ্যালান্টস।
ফলে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। জাফনার সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় এবং গলের নুরুল হাসান সোহান।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জিতে আগে ব্যাট করে কলম্বো। তবে দলে ছিলেন না রিপন মণ্ডল।
অন্যদিকে গলের একাদশেও জায়গা হয়নি নুরুল হাসান সোহানের। ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১৭৬ রানে অলআউট হয় কলম্বো।
দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন রাভিন্দু ফার্নান্দো। ২৭ বলে তার ইনিংসে ছিল একটি চার ও পাঁচটি ছক্কা। রুবিন হারমান ৩৩ বলে করেন ৪৫ রান। শেষ দিকে মালশা থারুপাথি ১৭ বলে ২৮ রান করে দলের রান বাড়ান। গলের হয়ে দুটি করে উইকেট নেন চারিথ আসালাঙ্কা ও সাচিন্দু কলম্বাগে।
১৭৭ রানের লক্ষ্য তাড়ায় ২১ রানেই থমাস রজার্সকে হারায় গল। এরপর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন স্যাম হার্পার ও চারিথ আসালাঙ্কা। দুজনের ব্যাটে দ্রুত এগিয়ে যায় গল।
হার্পার ৫১ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। আসালাঙ্কা ৪২ বলে করেন ৫৯ রান। তাদের জুটিতেই জয়ের ভিত গড়ে ওঠে গলের। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে ৬ উইকেটের জয় নিশ্চিত করে তারা।
এই জয়ে ফাইনালের টিকিট পেয়েছে গল গ্যালান্টস। এলপিএলের ফাইনাল হবে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায়। সেখানে আগেই জায়গা করে নিয়েছে সাকিব ও তাওহীদের জাফনা কিংস।
