
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার বলেছেন, পৃথিবীর ওপরের মহাকাশে হামলা চালানোর জন্য ইসরায়েল মহাকাশভিত্তিক লেজার প্রযুক্তি উন্নয়ন করছে।
তিনি সামরিক প্রতিবেদকদের সঙ্গে এক ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী এবং আমি যে প্রধান লক্ষ্যগুলোর একটি নির্ধারণ করেছি, তা হলো আমরা সেরা মেধাবীদের নিয়োগ দিচ্ছি। আজ পর্যন্ত কোনো দেশেরই মহাকাশে হামলা চালানোর সক্ষমতা নেই। এই সক্ষমতায় বিশ্বের শীর্ষ দেশ আমাদেরই হতে হবে।
তিনি আরও বলেন, যদি আমরা এটি অর্জন করতে পারি, তবে এটি আমাদের শত্রুদের বিরুদ্ধে—যাদের বিপুল সম্পদ রয়েছে—প্রতিরোধ, আঘাত হানা, ধ্বংস করা এবং অন্যান্য সব বিষয়ে আমাদের অগ্রাধিকার নিশ্চিত করবে।
গত বৃহস্পতিবার কাটজ বলেছিলেন, মহাকাশ থেকে হামলা চালানোর সক্ষমতায় শীর্ষ শক্তি হয়ে উঠতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। তবে তার সবশেষ বক্তব্যে প্রথমবারের মতো তিনি নির্দিষ্টভাবে মহাকাশভিত্তিক লেজারের কথা উল্লেখ করলেন।
