
এ-সিরিজের সর্বশেষ ফোন হিসেবে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ উন্মোচন করেছে স্যামসাং। ছবি: স্যামসাং
এতে রয়েছে ‘সার্কেল টু সার্চ’ ফিচারে একসঙ্গে একাধিক বস্তু চেনার সুবিধা ও ‘ভয়েস রেকর্ডার’ অ্যাপে রেকর্ড করা কথাকে রিয়াল টাইমে ২২টি ভাষায় অনুবাদের সুবিধা।
স্যামসাং বাজেটবান্ধব নতুন ফোন ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ বাজারে এনেছে, যা পূর্ববর্তী মডেলের একটি হালকা আপগ্রেড সংস্করণ। এতে নতুন হোল-পাঞ্চ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর এবং সার্কেল টু সার্চের মতো আকর্ষণীয় এআই ফিচার যুক্ত করা হয়েছে। ফোনটিতে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন ও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকলেও এর ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আগের চেয়ে কমানো হয়েছে। ৩৫০ ডলার মূল্যের এই হ্যান্ডসেটটিতে ছয় বছরের অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বাজেটবান্ধব স্মার্টফোনের বাজারে নতুন ফোন আনল স্যামসাং। নতুন হোল-পাঞ্চ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন প্রসেসর ও আকর্ষণীয় এআই ফিচারের মতো কিছু হালকা আপগ্রেড নিয়ে বাজারে এসেছে ফোনটি।
এ-সিরিজের সর্বশেষ ফোন হিসেবে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ উন্মোচন করেছে স্যামসাং। কোম্পানিটি এবার ফোনটির প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরছে এর নতুন ‘ইনফিনিটি-ও’।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, গেল বছরের ‘এ২৬’ মডেলের মতোই এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন। এবারের মূল পার্থক্যটি হচ্ছে, স্ক্রিনের ওপরের দিকে থাকা ছোট নচটির পরিবর্তে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার জন্য একটি হোল-পাঞ্চ ডিজাইনের ব্যবহার।
স্যামসাংয়ের দাবি, “ডিসপ্লের আশপাশের বেজেল আরও কমিয়ে ভারসাম্যপূর্ণ করার পাশাপাশি এ ডিজাইনটি স্ক্রিনের জায়গা বাড়িয়েছে এবং বাড়তি মনোযোগ হারানোর বিভিন্ন উপাদান দূর করে কনটেন্টকে একদম সামনে ও কেন্দ্রে ফোকাস করতে সাহায্য করে।”
ফোনটির পেছনের ক্যামেরা সেটআপে রয়েছে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, ওআইএস সুবিধাসহ ৫০ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা।
‘গ্যালাক্সি এ২৭’ ফোনটিতে থাকছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব। ডিভাইসটির ব্যাটারি সক্ষমতা গত বছরের মডেলের মতোই ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার রাখা হয়েছে, যা ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করে।
ফোনটিতে ব্যবহৃত হয়েছে ‘স্ন্যাপড্রাগন ৬ জেন ৩’ চিপসেট। স্যামসাং বলেছে, এ চিপসেটটি দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে ফোনটিকে আরও বেশি দ্রুতগতির করবে এবং আগের এ২৬ মডেলের তুলনায় এর জিপিউ পারফরম্যান্স আরও বাড়িয়ে দেবে।
পানি ও ধুলোবালি প্রতিরোধী হিসেবে হ্যান্ডসেটটিতে রয়েছে ‘আইপি৬৪’ রেটিং, যা এ২৬ মডেলের আইপি৬৭ রেটিংয়ের চেয়ে কিছুটা কম, অর্থাৎ ফোনটি পানির হালকা ছিটকে পড়া সামলাতে পারলেও পানিতে পুরোপুরি বা সাময়িকভাবে ডুবিয়ে রাখার মতো সুরক্ষা এতে নেই।
সফটওয়্যারের ক্ষেত্রে এতে বেশ কিছু চমৎকার এআই ফিচার রয়েছে। যার মধ্যে রয়েছে ‘সার্কেল টু সার্চ’ ফিচারে একসঙ্গে একাধিক বস্তু চেনার সুবিধা ও ‘ভয়েস রেকর্ডার’ অ্যাপে রেকর্ড করা কথাকে রিয়াল-টাইমে ২২টি ভাষায় অনুবাদের সুবিধা।
ব্যবহারকারীরা চাইলে জেমিনাই ও পারপ্লেক্সিটি’সহ বেশ কয়েকটি এআই অ্যাসিস্ট্যান্টের মধ্য থেকে নিজেদের পছন্দমতো অ্যাসিস্ট্যান্ট বেছে নিতে পারবেন। পাশাপাশি ‘বিক্সবি’ ফিচারটিও এতে থাকছে।
স্যামসাং বলেছে, তারা ‘এ২৭’ ফোনটিতে ‘বিশ্বজুড়ে চালুর তারিখ থেকে সর্বোচ্চ ছয় প্রজন্ম পর্যন্ত অ্যান্ড্রয়েড ওএস এবং ওয়ান ইউআই আপগ্রেড, সেইসঙ্গে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেবে’।
বিভিন্ন দেশের বাজারে ফোনটি ৩ জুলাই চলে আসবে। আর যুক্তরাষ্ট্রের বাজারে আসবে কিছুটা পরে, ১৪ জুলাই থেকে।
বর্তমানের প্রায় সব ডিভাইসের মতো এ ফোনটিরও দাম কিছুটা বেড়েছে। গ্যালাক্সি এ২৭ ৫জি-এর শুরুর মূল্য নির্ধারণ হয়েছে ৩৫০ ডলার, যা আগের এ২৬ মডেলের চেয়ে ৫০ ডলার বেশি।
