
সচিবের সই ছাড়াই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া একটি প্রকল্পের ফাইল অনুমোদন করেছিলেন বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের সার্বিক কার্যক্রমে যে দুর্নীতি ও অনিয়ম হয়েছে, তা তদন্তে ৭ সদস্যের কমিটি করেছে সরকার।
শনিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, একটা ফাইল আমার নোটিশে এসেছে। অন্তবর্তী সরকারের সময় একজন উপদেষ্টা (আসিফ মাহমুদ) সচিবের সই ছাড়াই জোর করে ফাইল নিয়েছেন, নিজে সই করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে- যেটি একদম রুলস অব প্রসিডিউর, রুলস অব বিজনেসের পরিপন্থি।
কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতিরেখে কখনই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারে না। এটি কখনই আইনে রুলস অব প্রসিডিউরে এবং রুলস অব বিজনেসে নেই।
তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়েও অনিয়মের অভিযোগ তোলেন প্রতিমন্ত্রী। তার দাবি, একটি প্রকল্পের টেন্ডার হওয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে।
মীর শাহে আলম বলেন, দ্রুত পিরোজপুর পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।
