
শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে আচমকাই ডাক পান কাজী নুরুল হাসান সোহান। তাকে দলে ভেড়ায় গলে গালাটান্স। সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন উইকেট রক্ষক এই ব্যাটসম্যান। অবাক করার বিষয় হলো, তাকে গলে ইনিংস উদ্বোধনে পাঠিয়েছিল।
সুযোগটি লুফে মারকুটে ব্যাটিংয়ে নিজের সামর্থ্যের জানান দেন বাংলাদেশের ক্রিকেটার। ১৩ বলে ২৯ রান করেন তিনি। নামের পাশে ৫ চার ও ১ ছক্কা। ২২৩.০৭ স্ট্রাইক রেটে নিজের ইনিংসটি সাজান ডানহাতি ব্যাটসম্যান। তার উড়ন্ত সূচনার পর উড়েছে গলে গালাটান্স। ডাম্বুলায় আগে ব্যাটিংয়ে নেমে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে ৬ উইকেটে ২২০ রান করে গলে। সোহানের বিস্ফোরক ইনিংসটিই ছিল দলের সর্বোচ্চ স্ট্রাইক রেটে সাজানো ইনিংস। তবে শেষ দিকে তাদের ইনিংসের হাল ধরেন চামিকা করুণারত্নে। ৩৪ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭২ রান করেন। তাতে দলের রান দুইশ ছাড়িয়ে যায়।বাংলাদেশ সংবাদ
গলের হয়ে খেলার কথা ছিল লিটনের। কিন্তু ইনজুরির কারণে লিটন খেলতে পারছেন না। পরবর্তীতে সোহানকে দলে নেয় দলটি। মিডল অর্ডার ও লোয়ার-মিডল অর্ডারে ব্যাট করে থাকেন সোহান। এর আগে বিপিএলে ইনিংস উদ্বোধন করলেও তেমন কার্যকরী ছিলেন না। কিন্তু এবার লঙ্কায় দেখালেন ঝলক।
৩২ বছর বয়সী এই ক্রিকেটার প্রথম ওভারে এক বল খেলে এক রান নেন । দ্বিতীয় ওভারে চারটি চার আসে তার ব্যাট থেকে। আফগান পেসার গুলবাদিন নাইবকে এলোমেলো করে দেন। তৃতীয় ওভারে দুই বল খেলে দুটি সিঙ্গল নেন সোহান।
পরের ওভারে পেসার দুশমান্থা চামিরাকে স্লগ সুইপে ছক্কা মারার পরের বলে চার মারেন তিনি। পরের বলেই আবার একই শট খেলার চেষ্টা করেন। তাতে ডেকে আনেন বিপদ। ঠিকমতো টাইমিং করতে পারেননি। আউট হয়ে যান ক্যাচ দিয়ে। তার বিস্ফোরক ইনিংসের শেষ হয়ে যায় সেখানেই।
