
ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় প্রায় ১৬ বছর পর সরব হয়েছেন শোবিজ অঙ্গনের সহশিল্পী ও নির্মাতারা। দীর্ঘদিন পর আলোচনায় আসা এই ইস্যুতে অভিযুক্ত রাজিব হাসানের বিরুদ্ধে বিচার না হওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে পুরোনো সেই বিতর্কিত ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন প্রভা। সেখানে তিনি ওই সময়ের অভিজ্ঞতা এবং পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় হওয়া ট্রল ও হয়রানির বিষয়ে কথা বলেন। এরপর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং শোবিজ অঙ্গনের অনেকেই তার পাশে দাঁড়ান।
এ ঘটনায় শুক্রবার দুপুরে রাজিব ও প্রভার বাগদানের একটি পুরোনো ছবি শেয়ার করে ফেসবুক স্ট্যাটাস দেন নির্মাতা শিহাব শাহীন। তিনি লেখেন, ‘টাইমলাইনে ছবিটা আসলো তাই ভাবলাম বলি। ঘটনাটার পরপরই ছেলেটার সাথে কথা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি কীভাবে এই কাজটা করলা?’ যাকে ভালবাসো কীভাবে তার এত বড় ক্ষতি করলা? ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছিল সে। পরে প্রমাণ হয়েছে সব মিথ্যা। ’
তিনি আরো লেখেন, ‘এত বড় একটা অপরাধ, অথচ তার কিছুই হয়নি। তার গ্রেপ্তার হওয়ার কথা, হয়নি। বিচার হওয়ার কথা, হয়নি। জেলে থাকার কথা, কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইন ছিল না। আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধার করতে।
