
মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে তাদের ভূখণ্ড থেকে মার্কিন সেনা ও সামরিক ঘাঁটি সরানোর আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তা না হলে এসব ঘাঁটিতে ভয়াবহ সামরিক হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।
ইরানে নতুন করে মার্কিন হামলার পর এক বিবৃতিতে আইআরজিসির রাজনৈতিক উপপ্রধান মেজর জেনারেল ইয়াদোল্লাহ জাভানি এই হুঁশিয়ারি দেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইরানজুড়ে বড় ধরনের হামলা চালায় মার্কিন বাহিনী। এতে সামরিক ও বেসামরিক মিলিয়ে এখন পর্যন্ত ১৮ জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছেন।
মার্কিন হামলার পর এরই মধ্যে পাল্টা হামলা চালিয়েছে ইরান। চলমান সংঘাতের মধ্যে তেহরানের এমন হুঁশিয়ারিতে উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর মধ্যে আইআরজিসির হুঁশিয়ারি এলো। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদন মতে, আইআরজিসির রাজনৈতিক উপপ্রধান জাভানি বলেন, ‘আপনাদের দেশ থেকে আমেরিকানদের বের করে দেওয়া এবং ঘাঁটিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই ভালো।’
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যেসব সামরিক ঘাঁটি বা ভূখণ্ড ব্যবহার করা হবে, সেগুলো যেখানেই থাকুক না কেন, ইরান সেখান থেকেই পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা প্রমাণ করেছে।
বিশেষ করে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করে আইআরজিসির এই কর্মকর্তা সতর্ক করেন। এসব দেশে থাকা মার্কিন সামরিক উপস্থিতি ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহৃত হলে সেগুলোও ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
জাভানির এই বক্তব্যের মাধ্যমে আরব দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে নতুন করে সতর্ক করল তেহরান। এর আগে ইরানের সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় সহযোগিতা করবে, তাদেরও এর পরিণতি ভোগ করতে হবে।
