
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই দল ও খেলোয়াড়দের বাজারমূল্য নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ফুটবল গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সফাররুমের সাম্প্রতিক বিশ্লেষণে সবচেয়ে মূল্যবান জাতীয় দল হিসেবে উঠে এসেছে ফ্রান্স। আর ব্যক্তিগত বাজারমূল্যের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কিলিয়ান এমবাপের নেতৃত্বাধীন ফ্রান্সের ২৬ সদস্যের স্কোয়াডের মোট বাজারমূল্য ১ দশমিক ৪৬ বিলিয়ন ইউরো। ১ দশমিক ৪১ বিলিয়ন ইউরো মূল্য নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। এরপর যথাক্রমে ইংল্যান্ড, জার্মানি ও পর্তুগাল রয়েছে শীর্ষ পাঁচে।
বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা বাজারমূল্যের তালিকায় কিছুটা পিছিয়ে রয়েছে। ৯৪১ মিলিয়ন ইউরো মূল্য নিয়ে ব্রাজিল ষষ্ঠ এবং ৭৩৯ মিলিয়ন ইউরো মূল্য নিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অষ্টম স্থানে রয়েছে। এই দুই দলের মাঝখানে অবস্থান করছে নেদারল্যান্ডস।
ব্যক্তিগত বাজারমূল্যের তালিকায় সবার ওপরে উঠে এসেছেন স্পেন ও বার্সেলোনার তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। তার বর্তমান বাজারমূল্য ধরা হয়েছে ২৫৪ মিলিয়ন ইউরো। দ্বিতীয় স্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড, যার বাজারমূল্য ১৯৯ মিলিয়ন ইউরো। আর ১৮০ মিলিয়ন ইউরো মূল্য নিয়ে তৃতীয় স্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে।
অন্যদিকে, একসময় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের একজন হিসেবে পরিচিত ব্রাজিলিয়ান তারকা নেইমারের বাজারমূল্য বয়স, চোট এবং ধারাবাহিকতার অভাবে উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
বিশ্লেষকদের মতে, খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্স, বয়স, ভবিষ্যৎ সম্ভাবনা, লিগের মান এবং চুক্তির মেয়াদ বিবেচনায় নিয়ে এই বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে। তবে কাগজে-কলমের এই আর্থিক মূল্য বিশ্বকাপের মাঠের লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের বড় আগ্রহের বিষয়
