
আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার নকআউট পর্বের ম্যাচটি ঘিরে ফুটবল বিশ্বে বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। ম্যাচের রেফারিং ও একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফ। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন বিশ্ব ফুটবলের অভিজ্ঞ মেক্সিকান রেফারি ফার্নান্দো গুয়েরেরো।
২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল পরিচালনাকারী রেফারিং দলের সদস্য গুয়েরেরো দাবি করেছেন, মিশরের গোল বাতিলের ঘটনায় ফিফার নিজস্ব ভিএআর (VAR) প্রটোকল স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে।
ম্যাচে দুই গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল মিশর। তবে তাদের করা একটি গোল দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর ফাউলের অভিযোগে বাতিল করেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় পেলেও, গুয়েরেরোর মতে ওই সিদ্ধান্তই ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লেটেক্সিয়ার এবং ভিএআর কর্মকর্তাদের কঠোর সমালোচনা করে গুয়েরেরো লিখেছেন, “মিশরের গোলটি বাতিল করে রেফারি ও ভিএআর রুম একটি গুরুতর ভুল করেছে।”
