
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী থেকে ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি ও র্যাব সদস্যরা। এসময় ৪ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
আটকরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মোকলেসুর হকের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর সদর উপজেলার ছোট গুড়গোলা গ্রামের মৃত এ কে এম শহিদুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ী উপজেলার মৃত আব্দুল মজিদের ছেলে মো. আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুর উপজেলার কৃন্দনহাট গ্রামের মৃত মোবারকের ছেলে উজ্জল আলী (৫৪)।
৪২ বিজিবি অধিনায়ক জানান, গত ১৩ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ৪২ বিজিবি, র্যাব ১৩ দিনাজপুর ক্যাম্প ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল জেলার চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি কাচের জারে সর্বমোট আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ, ১টি প্রাইভেটকার, ২টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন এবং ৬টি সিমকার্ড উদ্ধার করা হয়।
আটকৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। তারা ইতোপূর্বে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছে।
আটকৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। তারা ইতোপূর্বে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছে। উদ্ধারকৃত সাপের বিষও বিদেশে পাচারের উদ্দেশে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
