
বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় পাকিস্তান ক্রিকেট দল। লজ্জার হারের পর পাকিস্তান শিবিরে অশান্তি। সাজঘরে মেজাজ হারান পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ।
সূত্রে জানা যায়, দ্বিতীয় টেস্টে ৫৮ রানে হারের পর ক্রিকেটারদের স্বার্থপর তকমা দিয়েছেন কোচ সরফরাজ। তার মতে, ক্রিকেটারেরা নিজেদের জন্য খেলেছেন। কেউ দলের স্বার্থে খেলেনি। খেলা শেষে দলের সকল ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ম্যানেজার নাভিদ চিমার সামনে ক্রিকেটারদের কথা শুনিয়েছেন সরফরাজ।
সরফরাজ ক্রিকেটারদের বলেছেন, ‘আমাদের খেলা দেখেই বোঝা গিয়েছে, সকলে নিজেদের জন্য খেলেছে। দলকে জেতানোর কথা কারও মাথায় ছিল না। কিন্তু সকলে ভুলে গিয়েছে, এভাবে খেললে নিজেদেরও কোনও উন্নতি হয় না। দলও জেতে না। বাকি দলগুলোর দিকে তাকাতে হবে। সকলে সামনের দিকে এগোচ্ছে। আমরা পিছনের দিকে যাচ্ছি।’
