
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা (লিগ্যাল অফিসার) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
আইন কর্মকর্তা হিসেবে তিনি খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন আইনি বিষয় দেখাশোনা করবেন। ৮১তম অধিবেশনের সভাপতির ৪০ সদস্যের কার্যালয়ে জাইমা রহমানসহ মোট ছয়জন বাংলাদেশি বিভিন্ন পদে কর্মরত আছেন।
এর আগে গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।
লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্য থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন জাইমা। পরবর্তীতে ২০২৬ সালের জুনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন।
