
বিতর্কিত সব ঘটনার পর অবশেষে নড়েচড়ে বসেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। লিওনেল মেসি-হুলিয়ান আলভারেজদের লক্ষ্য করে চালানো মিথ্যা প্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে বড় আকারের আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এএফএ।বিশ্বকাপে ফাইনালে উঠলেও অতিরিক্ত সময়ে গড়ানো শ্বাসরুদ্ধকর লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার।
পুরো টুর্নামেন্ট জুড়েই একের পর এক বিতর্কের কেন্দ্রে ছিল আর্জেন্টিনা দল। মাঠে খেলোয়াড়দের হাতাহাতি, আম্পায়ারিং নিয়ে বিতর্ক, ফুটবলারদের আচরণগত অভিযোগ থেকে শুরু করে ফাইনালে অতিরিক্ত আক্রমণাত্মক ও সহিংস ফুটবল খেলার সমালোচনা—সব মিলিয়ে পরিবেশ ছিল অত্যন্ত উত্তপ্ত।এরমধ্যে আবার সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়া একের পর এক ‘বিতর্কিত’ পোস্ট পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে।
মাঠের লড়াইয়ের পাশাপাশি ফিফাকে ঘিরে ষড়যন্ত্র তত্ত্বও ছিল তুঙ্গে। বিশ্লেষকদের একাংশের মতে, টুর্নামেন্টের কিছু ম্যাচে আর্জেন্টাইনদের প্রতি বাড়তি পক্ষপাতিত্ব দেখিয়েছে বিশ্ব ফুটবলের নীতিনির্ধারক সংস্থাটি। অন্যদিকে বিপরীত গোষ্ঠীর দাবি ছিল—টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক ধাপগুলোতে আর্জেন্টিনার ওপর অন্যায্য ও পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে।
ফলাফলস্বরূপ, সামাজিক মাধ্যম পরিণত হয়েছিল এক রক্তক্ষয়ী ডিজিটাল যুদ্ধক্ষেত্রে। ভিত্তিহীন গুজব, এডিটেড ছবি, প্রসঙ্গের বাইরে নিয়ে তৈরি করা ভিডিও এবং ভুয়া সব অভিযোগে সয়লাব হয়ে যায় নেটদুনিয়া। আর্জেন্টিনা জাতীয় দলের ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, সুপরিকল্পিত এই অপপ্রচার একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।আর্জেন্টাইন প্রভাবশালী দৈনিক ‘লা নাসিওন’-এর প্রতিবেদন অনুযায়ী, এবার এই অপপ্রচারের বিরুদ্ধে আইনি জবাব দেওয়ার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
প্রাথমিক তথ্যমতে, ২০২৬ বিশ্বকাপে দল ও খেলোয়াড়দের লক্ষ্য করে চালানো ব্যাপক তথ্যসন্ত্রাস ও মানহানিকর প্রচারণার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকতে যাচ্ছে সংস্থাটি। মিথ্যা অভিযোগ ছড়ানো, এডিটেড ও যাচাইহীন ছবি প্রকাশ এবং কোনো প্রমাণ ছাড়াই মনগড়া বিষয়বস্তু প্রচার করার মতো অপরাধগুলোকে মামলার আওতায় আনা হচ্ছে।
