
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন (Desertion)’ সংক্রান্ত অপরাধ প্রমাণিত হওয়ায় টুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনের বলা হয়েছে, শ্যামল কুমার মুখার্জী সাময়িক বরখাস্ত অবস্থায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। গত বছরের ১ জানুয়ারি তাকে রাজশাহীতে সংযুক্তির আদেশ দেওয়া হলে তিনি ২২ জানুয়ারি যোগদান করেন। তবে একই দিন বিকেলে তিনি বিধি-বহির্ভূতভাবে তিন সপ্তাহের মেডিকেল কাগজপত্রসহ প্রস্থান প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি কর্মস্থলে হাজির হওয়ার কথা থাকলেও তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকেন এবং বারবার যোগাযোগের চেষ্টা করা সত্ত্বেও কর্মস্থলে আর ফেরেননি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই শৃঙ্খলাভঙ্গের ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পরবর্তীতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ ও আইনি প্রক্রিয়া শেষে গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি তার বরখাস্তের (Dismissal from service) বিষয়ে সদয় অনুমোদন প্রদান করেন।
আদেশ অনুযায়ী, তার পলায়নের তারিখ অর্থাৎ গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখ থেকেই এই বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর বলে গণ্য হবে।
