
ক্রিকেটার হবো সেই স্বপ্ন দেখার শুরু হয়নি তখনও। জীবনে কিছু একটা করতে হবে এই ভাবনাটাই ছিল না ওভাবে। অথচ মধ্যবিত্ত পরিবার আমাদের, কতশত সমস্যা-অনিশ্চয়তা!
হঠাৎ একদিন আমার জীবনে তিনি এলেন, সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে! আলহামদুলিল্লাহ এরপর থেকে একটু একটু করে বদলাতে শুরু হলো ভাবনা, বুঝতে শুরু করলাম বাস্তবতা, ছুটতে শুরু করলাম স্বপ্নের পেছনে। আমার পক্ষেও যে ভালো কিছু করা সম্ভব, এই বিশ্বাসটা নিজের ছিল যতটা তারচেয়ে অনেক বেশি ছিল তার। যখন আমি কিছু ছিলাম না, যখন আমার কিছুই ছিল না, সেই সময়টায় তিনি আমার জীবনে এসেছিলেন। আজকে যিনি আমার সহধর্মিণী, আমার সন্তানের মা।
আজ আমাদের বিবাহ বার্ষিকী। এমন বিশেষ একটা দিনে আমি পরিবার থেকে দূরে, পেশাদার ক্রিকেটারদের জীবন যেমন হয় আর কি! আমায় নিয়ে তার কোনো অভিযোগ বা অভিমান আছে কি না কখনোই বলেনি। নিঃস্বার্থভাবে বছরের পর বছর ধরে ভালোবেসে গেছে, প্রত্যেকটা কঠিন সময়ে পাশে থেকেছে, ভরসা দিয়েছে, লড়তে শিখিয়েছে। এখনও তাই। এতটুকুও বাড়িয়ে বলছি না, আমি সত্যিই অনেক সৌভাগ্যবান যে আল্লাহ আমাকে তার যোগ্য মনে করেছেন। আমাদের জন্য দোয়া করবেন।
