
সাম্প্রতিক বছরে ভারত জাতীয় দল সাফল্য পেলেও, মেয়াদ আর বাড়িয়ে নিতে পারলেন না প্রধান নির্বাচক অজিত আগারকার। তার বিদায়ঘণ্টা বাজার অল্প সময়ের ব্যবধানে চার বছর জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। সদ্য সাবেক নির্বাচক আগারকার ৩৬ বছর বয়সী এই পেসারকে ভারতীয় টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তনের পক্ষে ছিলেন না বলে জানা গেছে।
পিটিআই-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলে এই অভিজ্ঞ পেসার দুর্দান্ত পারফরম্যান্স করা সত্ত্বেও আগারকার ‘অতীতের দিকে ফিরে তাকানোর’ বিপক্ষে ছিলেন। প্রবীণদের চেয়ে তরুণ তারকাদের বেছে নেওয়ার পক্ষেই মত দিয়েছিলেন তিনি। নির্বাচক কমিটিতে আগারকারের স্থলাভিষিক্ত কাউকে নিয়োগের জন্য বিসিসিআই বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ভুবনেশ্বরের নাম ঘোষণা করা হয়।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সেন্ট্রাল জোনের নির্বাচক আরপি সিং উত্তর প্রদেশেরই খেলোয়াড় ভুবনেশ্বরকে দলে অন্তর্ভুক্ত করার জন্য জোর দিয়েছিলেন। কিন্তু ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা আগারকারের অধীনে তিনি পর্যাপ্ত সমর্থন পাননি। আগারকার সরে দাঁড়ানোর পর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান প্রজ্ঞান ওঝা ও অন্যান্য নির্বাচকরা ভুবনেশ্বরের অভিজ্ঞতার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন, বিশেষ করে এই সিরিজে জাসপ্রিত বুমরাহকে না পাওয়ার প্রেক্ষাপটে।
গত কয়েকদিন ধরেই জল্পনায় ছিল ভুবনেশ্বরের নাম। আইপিএলে ভাল খেললেও জাতীয় দলে ডাক পাচ্ছিলেন না। নিউজিল্যান্ড সিরিজে টি-টোয়েন্টি দলে বুমরাহ’র অনুপস্থিতি সেই সুযোগ করে দিয়েছে। ওয়ানডে এবং টেস্ট সিরিজের জন্য বুমরাহকে টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই কারণেই অভিজ্ঞ ভুবনেশ্বরকে ফিরিয়েছে বিসিসিআই।
তবে ভারতীয় দলে রিংকু সিং ক্রমশ জায়গা হারাচ্ছেন। এশিয়ান গেমস কিংবা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও নেওয়া হয়নি তাকে। এবার নিউজিল্যান্ড সিরিজ থেকেও বাদ পড়লেন বাঁ-হাতি এই ফিনিশার। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে আগামী ২২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। একই ভেন্যুতে ২৪ অক্টোবর দ্বিতীয় ম্য়াচ। এরপর ২৭ অক্টোবর ওয়েলিংটন, ৩০ অক্টোবর অকল্যান্ড ও ১ নভেম্বর হ্যামিলটনে হবে সিরিজের বাকি তিন ম্যাচ।
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, ইশান কিষাণ, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিভাম দুবে, নীতিশ কুমার রেড্ডি, নামান ধীর, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, আর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
