
ইসরায়েলের সাধারণ নির্বাচনে ব্যালাট গণনার সাথে সাথে জমে উঠেছে ক্ষমতার নাটকীয় সমীকরণ। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, আজ বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৮ মিনিট পর্যন্ত ৭৬.৮ শতাংশ ভোটকেন্দ্রের গণনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ নেতৃত্বাধীন জোট ৫৪টি আসনেই থমকে আছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ‘ইয়াশার’ জোটের আসনসংখ্যা সামান্য হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৪৭-এ।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
ভোট গণনার এই পর্যায়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে দেশটির আরব দলগুলোর রূপরেখা। যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করা আরব দল ‘জয়েন্ট লিস্ট’ ও ‘রা’আম’ তাদের অবস্থান আরও সংহত করে মোট আসনসংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ১৯-এ উন্নীত করেছে।
ইসরায়েলের পার্লামেন্ট বা নেসেটে প্রতিনিধিত্ব পেতে হলে ন্যূনতম ৩.২৫ শতাংশ ভোটের থ্রেশহোল্ড বা বাধা পার হতে হয়। বর্তমানে তিনটি দল এই বাধা অতিক্রম করতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে রয়েছে রিজার্ভিস্টস (২.৬ শতাংশ), পিপল অব ইসরায়েল (১.৭ শতাংশ) এবং হারেদি পাবলিক (০.২ শতাংশ)।
নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে এগুলো এখনও আংশিক ফলাফল। সামরিক বাহিনীর সদস্যসহ বিশেষ ভোটারদের ‘ডাবল-এনভেলপ’ বা দ্বৈত খাম পদ্ধতির ভোটগুলো গণনা বাকি থাকায় চূড়ান্ত ফলাফলে নতুন মোড় আসতে পারে।
আসন বিন্যাসের বর্তমান চিত্র
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে অবস্থান ধরে রেখেছে নেতানিয়াহুর ‘লিকুদ পার্টি’। ২০টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গাদি আইজেনকটের দল ‘ইয়াশার’। এছাড়া আরব জোট ‘জয়েন্ট লিস্ট’ ১৩টি এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল ‘বেয়াহাদ’ ১১টি আসনে এগিয়ে রয়েছে।
গণনার সর্বশেষ আপডেটে ইয়াশার জোট তাদের ১টি আসন হারিয়েছে, যা যুক্ত হয়েছে জয়েন্ট লিস্টের ঝুলিতে। এতে আইজেনকটের আসন ৪৮ থেকে কমে ৪৭-এ নেমে এলেও নেতানিয়াহুর জোটের ৫৪ আসন অপরিবর্তিত রয়েছে।
নেতানিয়াহুকে উৎখাতে ঐক্যবদ্ধ আরব নেতৃত্ব
নির্বাচনে আরব দলগুলোর শক্তিশালী উত্থান নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে। জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন আজ সাফ জানিয়ে দিয়েছেন, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে তারা তাদের এই বাড়তি সংসদীয় শক্তিকে পুরোপুরি কাজে লাগাবেন।
জাবারিন বলেন, নেতানিয়াহু ও ইতামার বেন-গভিরের বর্তমান সরকার প্রতিটি আরব নাগরিকের জীবন অতিষ্ঠ করে তুলেছে। আমাদের মূল্যবোধ রক্ষায় এই রাজনৈতিক শক্তিকে কীভাবে ব্যবহার করতে হয়, তা আমাদের জানা আছে। নেতানিয়াহু, বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের এই চরমপন্থি সরকারকে বিদায় জানাতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।
মূলত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বেদুইন প্রধান শহরগুলোর ভোটেই ইসলামপন্থি দল ‘রা’আম’-এর আসন ৪টি থেকে বেড়ে ৬টিতে উন্নীত হয়েছে। উদাহরণস্বরূপ, রাহাত শহরের ৩১টি কেন্দ্রের গণনায় রা’আম একাই পেয়েছে ৮৩.৬ শতাংশ ভোট, যেখানে জয়েন্ট লিস্ট পেয়েছিল ১৪.৭ শতাংশ। একইভাবে কুসেইফ শহরে ৮৬.৬ শতাংশ এবং কাফর কাসিম শহরে ৭৪.০৬ শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে বাজিমাত করেছে রা’আম।
