
মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৪১৩ রান তুলেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুতে বড় সংগ্রহের ভিত গড়ে দেন মুশফিকুর রহিম, আর শেষদিকে তাসকিন আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে চারশ পেরোয় স্বাগতিকরা।
৪ উইকেটে ৩০১ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। মুশফিক ও লিটন দাস শুরুতে দেখেশুনে খেললেও মোহাম্মদ আব্বাসের বলে ৩৩ রান করে ফিরেন লিটন। মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি, করেন ১০ রান। এরপর তাইজুল ইসলাম ১৭ রান করে আউট হন।
লাঞ্চের পর শাহীন শাহ আফ্রিদির দারুণ এক ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ১৭৯ বলে ৭১ রান করেন মুশফিকুর রহিম। তখন ৪০০ ছোঁয়া নিয়েও শঙ্কা ছিল বাংলাদেশের।
সেখান থেকেই দৃশ্যপটে তাসকিন আহমেদ। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলে দলকে চারশ পার করান এই পেসার। মোহাম্মদ আব্বাসকে ছক্কা মেরে পূর্ণ করেন দলের ৪০০ রান। শেষ পর্যন্ত ১৯ বলে ২৮ রানের কার্যকর ইনিংস খেলেন তাসকিন, যেখানে ছিল তিনটি চার ও একটি ছক্কা। পাকিস্তানের হয়ে পাঁচ উইকেট নেন আব্বাস।
জবাবে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে পাকিস্তান। বাংলাদেশের বোলাররা লাইন-লেংথে ধারাবাহিক হতে না পারায় দ্রুত রান তুলতে থাকেন দুই ওপেনার। ২২তম ওভারে মেহেদী হাসান মিরাজ ভাঙেন ১০৬ রানের উদ্বোধনী জুটি, ৪৫ রান করে আউট হন ইমাম উল হক।
তবে অভিষিক্ত আজান আওয়াইস থামেননি। দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়ে দিন শেষ করেন ১৩৩ বলে ৮৫ রানে অপরাজিত থেকে। অন্যদিকে আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজল অপরাজিত আছেন ৩৭ রানে। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৭৯ রান, এখনো ২৩৪ রানে পিছিয়ে তারা।
