
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এরপর তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ জুন আবারও বিসিবির পরিচলনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিসিবি নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক পোস্ট দিয়েছেন ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আসিফ আকবর। যেখানে তিনি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ইঙ্গিত করে ব্যাপক সমালোচনা করেছেন। সেইসঙ্গে কিছু ক্রীড়া সাংবাদিকদেরও তীব্র সমালোচনায় বিদ্ধ করেছেন সাবেক এই বিসিবি পরিচালক।
শুক্রবার (২২ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ লেখেন, ‘অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। এখন যারা বোর্ড দখল করে বসে আছে তারা রাষ্ট্রের খয়রাতি ক্রিকেট মন্ত্রীর লোভী উচ্চাভিলাসের পরিণতি মাত্র।’
এরপর কিছু ক্রীড়া সাংবাদিকদের সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘ক্রিকেট জার্নালিজমে এখন নৈতিকতার লেশমাত্র নেই। মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর নামধারী ছাপড়িদের যন্ত্রনায় অতিষ্ঠ বেসিক নিউজ করা মূলধারার সংবাদমাধ্যমগুলো। দেশের ক্রিকেটের ডেভেলপমেন্টের চেয়ে ধান্দাবাজীর হিসাব বেশি, এদের মধ্যে আবার ভারতীয় গণমাধ্যমের ঘাপটি মেরে থাকা এজেন্টও আছে, রয়েছে অনৈতিক অর্থনৈতিক উন্নতির চেরাগ।’
আসিফ লেখেন, ‘মিডিয়া মালিকদের অনুরোধ করবো এদের বিসিবি থেকে মফস্বলে পোস্টিং দিন, দেশপ্রেমিক স্পোর্টস জার্নালিস্টদের কাজ করার সুযোগ দিন। এরা সারাদিন বিসিবি’র দরজার সামনে ক্যামেরা তাক করে থাকে, এদের দেখলে মাঝে মধ্যে মনে হয় গুলশান কিংবা পান্থপথ মোড়ের ভিখারীগুলার আপগ্রেড ভার্সন। কাউকে দেখলেই ঝাঁপিয়ে পড়ে আর কেটে কেটে নিউজ করে বেনামী পোর্টালে, মানুষ পায় ভুল তথ্য, বেকুবের মত দৌড়ানো শুরু করে চিলের পিছে। প্লেয়ারদের জাঙ্গি*র রং, কলার খোসা, গরুর ঝোল নিয়ে তাদের ভিভিআইপি রিপোর্ট চলে, সারা দেশের খেলার খবর প্রচারের কোন আগ্রহ এদের নেই।’
