
সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছে আইসিসির দুই প্রতিনিধি ড. মোহাম্মদ এ.এস মুসাজি এবং তাভেঙ্গোয়া মুকুহলানিও। এই দুজনের ঢাকায় আসা নিয়ে দেখা গিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বাধীন কয়েকজন তাদের কাছে বেশ কয়েকটি দাবি করেছিলেন।
এরই পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিস্কার করলো আইসিসি। কী কারণে বাংলাদেশ সফরে এসেছিল তাদের প্রতিনিধি তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা।
এক বিবৃতি দিয়ে আইসিসি জানায়, ‘স্টেকহোল্ডারদের সঙ্গে সুশাসন ও নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে আইসিসি প্রতিনিধি দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিযুক্ত দুই সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। প্রতিনিধি দলে ছিলেন আইসিসি বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ এ.এস মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গোয়া মুকুহলানিও (জিম্বাবুয়ে ক্রিকেট)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন ও পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে প্রতিনিধি দলটি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেছে।’
আইসিসি আরও জানায়, ‘আইসিসি স্পষ্ট করতে চায় যে, প্রতিনিধি দলটি তাদের পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ফলাফল যথাসময়ে আইসিসি বোর্ডের কাছে জমা দেবে। তবে এ বিষয়ে তারা গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না। ফলে প্রতিনিধি দলের এই সফর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদন, বিশ্লেষণ বা দাবি অনুমাননির্ভর বলে বিবেচিত হবে এবং সেগুলো আইসিসির আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না।’
বাংলাদেশ সফরে এসে আইসিসি প্রতিনিধি দল এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ও সদস্য ফাহিম সিনহা, আগের বোর্ডের কয়েকজন পরিচালক এবং বিসিবি নির্বাচন কমিশনের সাথে কথা বলেছে।
