
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা বাজারসংলগ্ন আলোমনি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফিলিং স্টেশনটির পাশাপাশি পাশের কয়েকটি বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ফিলিং স্টেশনটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে স্টেশনটির দক্ষিণ পাশে থাকা ২টি বসতবাড়ির কয়েকটি ঘর পুড়ে যায়। এর মধ্যে ২টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বগুড়া সদর ও গাবতলী থেকে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। ৪টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সারিয়াকান্দি ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিলিং স্টেশনটিতে ড্রামে করে ডিজেল, অকটেনসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল বিক্রি করা হতো। আগুনে স্টেশনের পাশাপাশি পাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যাবে।
