
প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক। ছিল বিয়ের প্রতিশ্রুতিও। তবে এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার অভিযোগ তুলে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। বিয়ের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেখানেই থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাবো এলাকায় প্রেমিক নাঈম মিয়ার বাড়িতে অবস্থান নেন ওই তরুণী। সর্বশেষ প্রতিবেদন লেখা পর্যন্ত শনিবারও তার অবস্থান কর্মসূচি চলছিল।
ওই তরুণী বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। আর অভিযুক্ত নাঈম মিয়া (২৫) শিংলাবো এলাকার হেলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে ওই তরুণীর সঙ্গে নাঈমের প্রেমের সম্পর্ক ছিল। এ সময় বিয়ের আশ্বাস দিয়ে তাদের সম্পর্ক এগিয়ে নেন নাঈম। কিন্তু সম্প্রতি তিনি বিয়ের বিষয়ে টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে যোগাযোগও এড়িয়ে চলেন বলে অভিযোগ করেন তরুণী। পরে কোনো উপায় না দেখে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন তিনি।
ওই তরুণী বলেন, নাঈম আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েই দীর্ঘদিন সম্পর্ক রেখেছে। এখন সে প্রতিশ্রুতি অস্বীকার করছে। আমি আমার অধিকার চাই। বিয়ের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ প্রেমিকের বাড়ির সামনে ভিড় করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিষয়টির সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উভয় পরিবারের সঙ্গে কথা বলছেন বলে জানা গেছে।
এ বিষয়ে নাঈম মিয়ার মা বলেন, মেয়ের মা আসুক। যদি প্রমাণ হয় যে আমার ছেলে ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল, তাহলে পারিবারিকভাবে তাদের বিয়ের ব্যবস্থা করা হবে।
