
ভারতে একসঙ্গে ১৫টি মসজিদ সিলগালা করা হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে এই ঘটনা ঘটেছে। অবৈধ বসতি স্থাপন ও জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে বিতর্কের মধ্যে অরুণাচল প্রদেশে ওই ১৫টি মসজিদ সিলগালা করে রাজ্য সরকার। স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অরুণাচল প্রদেশের ইটানগর ক্যাপিটাল অঞ্চলে (আইসিআর) অনুমোদনহীন মসজিদ স্থাপনার বিরুদ্ধে অভিযান শুরু করেছে রাজ্য সরকার। স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর অবৈধ বসতি স্থাপন ও জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে উদ্বেগের পর ১৫টি মসজিদ সিলগালা করা হয়। মূলত অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন (এপিআইওয়াইও)-এর ক্রমবর্ধমান চাপের মুখে এই পদক্ষেপ নেয়া হয়েছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে কথিত অবৈধ দখল ও অনুমোদনহীন ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে।
এর আগে তারা রাজধানী অঞ্চলে ২৪ ঘণ্টার বন্ধও পালন করেছিল। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, তাদের দাবিগুলো পুরোপুরি বাস্তবায়ন না হলে আরও আন্দোলন করা হবে। বৃহস্পতিবার (৪ জুন) গণমাধ্যমকে রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পি. ডি. সোনা জানান, চলতি বছরের জানুয়ারিতে এপিআইওয়াইও প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর বৈঠকে প্রথম বিষয়টি সরকারের নজরে আসে।
