
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইসরাইলের গৃহীত পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সতর্ক করে বলেছেন, কেবল সামরিক শক্তি দীর্ঘস্থায়ী নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না; বরং ফিলিস্তিনিদের কোনো ছাড় দিতে অস্বীকৃতি জানানো ইসরাইলের নৈতিক অবস্থানকে দুর্বল করে তুলতে পারে।
বেলফাস্ট টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে পুরস্কারজয়ী লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
গাজায় ইসরাইলের যুদ্ধ প্রসঙ্গে ওবামা বলেন, এই সহিংসতা সবার জন্যই ‘বেদনাদায়ক’ হওয়া উচিত। তিনি একে এমন এক ধ্বংসাত্মক চক্র হিসেবে বর্ণনা করেন, যা ঐতিহাসিক ক্ষোভ, অনমনীয় দৃষ্টিভঙ্গি এবং গভীর বিভাজনের ওপর ভিত্তি করে টিকে আছে।
তিনি ইউরোপে ইহুদিদের দীর্ঘকাল ধরে নিপীড়নের শিকার হওয়ার ইতিহাস স্বীকার করেন। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিরাও তাদের জমি হারানোর মাধ্যমে চরম অবিচারের শিকার হয়েছেন।
ওবামা বলেন, এটি অনস্বীকার্য। এটাও সত্য যে, তারা মানুষের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে এবং তারা মাত্রাতিরিক্ত আচরণ করেছে। আর স্বাভাবিকভাবেই ভুক্তভোগীরা বলেছে, ‘এটি অবিচার, আমি আমার জমি ফেরত চাই’।
