
ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু হতে দেওয়া অথবা একটি সমঝোতায় পৌঁছানো, এই দুটি পথ বেছে নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ইরানকে ধ্বংস করে দেশটিকে অর্থনৈতিকভাবে পচে যেতে দেওয়া অথবা একটি চুক্তিতে পৌঁছানো; এখন আমাদের সামনে এই বিকল্পগুলোই রয়েছে।
তিনি আরও বলেন, আমার প্রশ্ন হলো কখন এবং যদি প্রয়োজন হয়, আমি ইরানকে পুরোপুরি উড়িয়ে দেব কি না। তাদের ভালো আচরণ করাই ভালো।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। তিনি জানান, এ ধরনের বৈঠকের বিষয়ে তিনি উন্মুক্ত।
মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করা হলেও অঞ্চলটির বর্তমান পরিস্থিতিকে চলতি সপ্তাহের জন্য অস্বাভাবিক বলে মনে করছেন না ট্রাম্প। তার ভাষায়, মধ্যপ্রাচ্যে এটি অন্য যেকোনো সপ্তাহের মতোই।
ট্রাম্প আরও দাবি করেন, হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্র নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করার বিষয়ে সম্মত হয়েছে।
ইরানের কয়েকজন কর্মকর্তার সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা ইঁদুরের মতো লুকিয়ে আছে। ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য সক্ষম এমন কাউকে খুঁজে পাওয়া এখন কঠিন।
সূত্র : আল জাজিরা
