
ফরিদপুরের সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বাগান মালিক আজিজুল মোল্যাকে (৬২) পিটিয়ে মারাত্মক আহত করা হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
মারাত্মক আহত আজিজুল মোল্যাকে বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আজিজুল মোল্যা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে বাগান থেকে লিচু পাড়ার সময় পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর ছেলে সাকিল মুন্সী ও তুষার মুন্সীকে বাধা দেন বাগান মালিক আজিজুল মোল্যার ছেলে আকরাম মোল্যা। এ সময় আকরাম মোল্যাকে মারধর করে তারা। সন্ধ্যায় আজিজুল মোল্যা বাজারে গিয়ে ছেলেকে মারধরের বিষয়টি জানতে চাইলে তর্কের একপর্যায়ে তার ওপর হামলা চালায় তুষার ও সাকিলসহ পরিবারের লোকজন।
বাঁশ দিয়ে বেধড়ক মারপিট করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বৃদ্ধ আজিজুল। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামলার খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে সতর্ক রয়েছে।
এদিকে আজিজুলের নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে হামলাকারীদের বাড়িতে হামলা ও বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে হামলাকারীদের পক্ষের লোকজন নিহত আজিজুলের পক্ষের কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত হামলা পালটা হামলায় অন্তত ১৫টি বসতঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় লুট করা হয় ১৩টি গরু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে লুট হওয়া ১৩টি গরুর মধ্যে ১১টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘটার পর ওই এলাকায় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। লুট হওয়া ১৩টি গরুর মধ্যে ১১টি গরু উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বাকিগুলো উদ্ধারে কাজ চলমান।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করেনি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানতে পেরেছি। হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট একটি বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
