
৯৬ বছরের দীর্ঘ ইতিহাস ফুটবল বিশ্বকাপের। ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হওয়া এই মহাযজ্ঞ এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ২২ বার। শিরোপা জিততে পেরেছে মাত্র আটটি দেশ। আসন্ন ২৩তম বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো নতুন ফরম্যাটে রেকর্ড ৪৮টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। এক নজরে দেখে নেওয়া যাক, কোন দল কতবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে…
শিরোপা জেতার নিরিখে সবচেয়ে সফল দল ব্রাজিল। পাঁচবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়া একমাত্র দল লাতিন আমেরিকার দেশটি। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে ট্রফি জিতেছে সেলেসাওরা। পেলের যুগ থেকে শুরু করে রোনালদো-রিভালদোদের সময় পর্যন্ত বিশ্ব ফুটবলে আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। যদিও ২০০২ সালের পর থেকে আর কোনো শিরোপা জিততে পারেনি তারা।
চারটি করে শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি ও ইতালি। জার্মানরা ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছে। অন্যদিকে ইতালির চার শিরোপা এসেছে ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে। প্রসঙ্গত, আসন্ন আসরে খেলার সুযোগ পায়নি চার বারের চ্যাম্পিয়নরা।
