
চলতি ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকে ব্রাজিলের বিদায় এবং আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসরের ঘোষণা- সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না নেইমার জুনিয়রের। মাঠের সেই চরম হতাশা ভুলে একটু মন চাঙ্গা করতে লাস ভেগাসের পোকার টেবিলে বসেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু হায়! সবুজ মাঠের পর এবার তাসের টেবিলেও ভাগ্য মুখ ফিরিয়ে নিলো তার থেকে।
গত শনিবার রাতে লাস ভেগাসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘২০২৬ ওয়ার্ল্ড সিরিজ অব পোকার’-এর ১০ হাজার ডলার মূল্যের মেইন ইভেন্টে অংশ নেন নেইমার।
নেভাডায় অতীতে ভালো খেলার রেকর্ড থাকলেও, বার্সেলোনা ও পিএসজির এই সাবেক পোস্টার বয় এবার টুর্নামেন্টের প্রথম দিনই (ডে-১) ছিটকে গেছেন।
তাসের খেলায় নেইমার অবশ্য একেবারে আনাড়ি নন। এর আগে ২০২৫ সালের টুর্নামেন্টে তিনি ফাইনাল পর্যন্ত খেলেছিলেন।
পোকার টেবিল থেকে নেইমারের এই দ্রুত বিদায় যেন আন্তর্জাতিক ফুটবলে তার শেষ অধ্যায়টির কথাই মনে করিয়ে দিচ্ছে।
এর আগে, গত ৫ জুলাই বিশ্বকাপের শেষ ১৬-এর ম্যাচে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় ব্রাজিল। এই ম্যাচটির পরপরই আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানান নেইমার।
পুরো টুর্নামেন্টে কাফের চোট নিয়ে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। ব্রাজিলের জার্সিতে তার শেষ অবদান ছিল নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে করা সান্ত্বনার গোলটি।
পোকারের প্রতি নেইমারের ভালোবাসা নতুন কিছু নয়, তবে এটি অনেক সময়ই তাকে বিতর্কের মুখে ফেলেছে।
চলতি বছরের শুরুতেই তার ক্লাব সান্তোস যখন পয়েন্ট টেবিলের তলানিতে হাবুডুবু খাচ্ছিল, তখন ম্যাচ বাদ দিয়ে প্রায় ২৪ ঘণ্টা অনলাইনে পোকার খেলার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
মাঠের খেলাকে বিদায় জানালেও তাসের বোর্ডে নেইমারের এই হার ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
