
পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই করে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে শান মাসুদদের টানা চার টেস্টে হারালেন নাজুমল হোসেন শান্তরা।
বাংলাদেশের এমন ঐতিহাসিক জয়ের পর পাকিস্তান ক্রিকেট টিমকে ধুয়ে দিচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। বাবর আজমদের সমালোচনা করেছেন কামরান আকমল ও ওয়াসিম আকরামরা। বিপরীতে নাহিদ রানাদের ভূয়সী প্রশংসা করেছেন এই কিংবদন্তিরা। এ তালিকায় যুক্ত হলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।
বুধবার পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেছেন, বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে।
তিনি বলেন,
‘পাকিস্তানের মাটিতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে গেছে বাংলাদেশ। তাদের আসলে দরকার ছিল আত্মবিশ্বাস। যেমন আমরা সম্প্রতি জিম্বাবুয়েকে ডেকে এনে ৩-০–তে হারিয়েছি, বাংলাদেশও পাকিস্তানকে নিজেদের মাঠে এনে তাদের দুর্বল দিক বুঝে পরিকল্পনা করে খেলেছে। তবে পাকিস্তানও ভালো লড়াই করেছে। এটা বলা যাবে না যে তারা খুব খারাপ খেলেছে। ৪৩৭ রানের লক্ষ্য অনেক বড়। তারপরও কয়েকজন খেলোয়াড় চেষ্টা করেছে, শেষ পর্যন্ত লড়াই করেছে।’
পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার–ব্যাটসম্যান আরও বলেন,
‘বাংলাদেশ পরিকল্পনা করে খেলেছে। তারা সীমার মধ্যে থেকে ইতিবাচক ক্রিকেট খেলেছে। অনেক রানও করেছে।নতুন বল হাতে তারা পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। গতকাল সন্ধ্যায় পাকিস্তানকে অলআউট করে আজ সকালে আবার চাপ ধরে রেখেছে।’
২০২৪ সালে পাকিস্তান সফরে গিয়েও বাংলাদেশ একই ব্যবধানে টেস্ট সিরিজ জিতে এসেছিল। এই দুই সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্টে বাংলাদেশের কোনো জয় ছিল না (১২ হার, ১ ড্র)। এখন দুই দলের সবশেষ চার টেস্টেই জয়ী বাংলাদেশ। দেশের বাইরে সবশেষ সাত টেস্টেই হারল পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে টানা দুই টেস্ট জিতে র্যাঙ্কিংয়ে দুই ধাপ লাফিয়ে ৭ নম্বরে উঠে গেছে বাংলাদেশ। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ছিলেন নাজমুল হোসেন শান্তরা। দুই টেস্টই জেতায় ১১ রেটিং যুক্ত হয়েছে তাদের।
