
প্রতিদিনের ব্যস্ত জীবনে অল্প সময়ের একটি জিকিরের মাধ্যমেই মহান আল্লাহর ক্ষমা লাভের সুসংবাদ দিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। একটি সহিহ হাদিসে এসেছে, প্রতিদিন নির্দিষ্ট একটি জিকির একশ বার পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে দেন, তা সমুদ্রের ফেনার মতো বেশি হলেও।
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
“যে ব্যক্তি প্রতিদিন একশ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করবে, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার পরিমাণও হয়।”
(সহিহ বুখারি, হাদিস: ৬৪০৫; সহিহ মুসলিম, হাদিস: ২৬৯১)
‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ অর্থ হলো, ‘আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তাঁর প্রশংসা করছি।’
ইসলামে জিকিরের গুরুত্ব অত্যন্ত বেশি। অল্প সময়ের এই আমল একজন মুমিনের জন্য আল্লাহর রহমত, ক্ষমা ও নৈকট্য লাভের সহজ একটি মাধ্যম। তাই প্রতিদিন অন্তত একশ বার এই জিকির পাঠ করার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)।
আলেমদের মতে, নিয়মিত এই জিকির পাঠ করলে আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় এবং বান্দা তাঁর ক্ষমা ও রহমতের আশা করতে পারে। তাই প্রতিদিনের আমলের তালিকায় এই জিকিরটি রাখার চেষ্টা করা উচিত।
