
ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক সিন্ডিকেট, স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম এবং প্রশাসনিক দুর্নীতি নির্মূলসহ “নিরাপদ মিঠাপুকুর চাই” দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র-জনতা।
আজ (২১ মে) মিঠাপুকুর ওভারব্রিজের নিচে, থানা চত্বরে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
এ সময় বিক্ষোভকারীরা সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ এবং মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এরশাদুল হকের কাছে তাদের **৫ দফা দাবি** তুলে ধরেন। একইসঙ্গে দাবি বাস্তবায়নে **৭ দিনের আল্টিমেটাম** ঘোষণা করা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে মিঠাপুকুর এলাকায় রোড ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে মিঠাপুকুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।
