
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমা। একসময় তাদের অভিনীত একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়েছে ব্যবসাসফল ও আলোচিত গল্প। দীর্ঘদিন পর আবারও মুখোমুখি হলেন এই দুই তারকা। আর সেই সাক্ষাৎ ঘিরে তৈরি হলো আবেগ, স্মৃতি আর আনন্দের এক বিশেষ মুহূর্ত।
শনিবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আকস্মিকভাবে দেখা হয় শাকিব খান ও পূর্ণিমার। দীর্ঘ সময় পর একে অপরকে সামনে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দুজনই। আলাপচারিতায় উঠে আসে পুরোনো দিনের নানা স্মৃতি, কাজের অভিজ্ঞতা এবং বর্তমান সময়ের প্রসঙ্গ।
শাকিব খানকে দেখে নিজের স্বভাবসুলভ প্রাণবন্ত ভঙ্গিতে পূর্ণিমা বলেন, “তাকে আমি যা দেখেছি, তার থেকে তো ও এখন অনেক ছোট হয়ে গেছে। আরও বেশি ছোট। তার যতগুলো ছবি আছে, আমি কিন্তু দেখি। ‘তুফান’ পুরোটা দেখেছি, অন্য ছবিগুলোও দেখেছি।”
পূর্ণিমার কথায় স্পষ্ট ছিল সহকর্মী হিসেবে শাকিবের প্রতি তার মুগ্ধতা ও শুভকামনা। তিনি জানান, নিয়মিত একসঙ্গে কাজ না হলেও শাকিব খানের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ খবরাখবর তিনি অনুসরণ করেন। সাম্প্রতিক সময়ে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাকিবের উপস্থিতিও তার নজরে রয়েছে।
হাসতে হাসতে পূর্ণিমা আরও বলেন, “আমাদের যখন একসঙ্গে কাজ হয়েছিল, তখন যদি এই লুকের শাকিবকে পেতাম, তাহলে আরও ভালো লাগত।”
একসময় ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিল শাকিব-পূর্ণিমা জুটি। তাদের অভিনীত ‘আই লাভ ইউ’, ‘মা আমার স্বর্গ’, ‘তুমি কত সুন্দর’ ও ‘বাধা’সহ বেশ কয়েকটি সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছিল। সময়ের ব্যবধানে তারা আলাদা পথে ব্যস্ত হয়ে পড়লেও পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে-সাম্প্রতিক এই সাক্ষাৎ যেন তারই প্রমাণ।
জানা গেছে, একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অংশ নিতে চ্যানেল আই কার্যালয়ে গিয়েছিলেন শাকিব খান। তাকে স্বাগত জানাতে বিশেষভাবে সাজানো হয়েছিল পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানের পরিবেশে যোগ হয়েছিল ‘দুষ্টু কোকিল’ গানের আবহও।
এ সময় মজার ছলে পূর্ণিমা বলেন, “আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হবো। দুষ্টু দুষ্টু প্রশ্ন করবো।” জবাবে হেসে শাকিব খান বলেন, “যা ইচ্ছা করো।”
দীর্ঘদিন পর দুই তারকার এই পুনর্মিলনের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভক্তদের অনেকেই আবারও তাদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে নতুন করে আলোচনা শুরু হয়েছে-ঢাকাই সিনেমার এই জনপ্রিয় জুটি কি আবারও কোনো চলচ্চিত্রে একসঙ্গে দেখা দেবেন?
