
ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন ও স্থবিরতা কাটানোর লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ১৩টি ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি, ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জেতা বাংলাদেশ ক্রিকেট দলের বিষয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে। জাতীয় দল দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তাদের অভ্যর্থনা জানানোর বিষয়গুলো সংবাদমাধ্যমের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।
ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক অবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতে গত বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের অংশগ্রহণ না করার ইস্যুতে যে তিক্ততার সৃষ্টি হয়েছিল, তা নিরসনে কাজ চলছে। ইতোমধ্যে ভারতীয় হাইকমিশন এবং দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও আলোচনা হয়েছে।’
ক্রীড়া ও রাজনীতিকে আলাদা রাখার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘খেলাধুলা সবকিছুর ঊর্ধ্বে। আমরা খেলার মাধ্যমে বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে চাই, যাতে পুনরায় দুই দেশের মাটিতে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব হয়।’
