
রেকর্ড আর বৈভব সূর্যবংশী যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সিরিজসেরার পুরস্কার জিতেছেন এই বাঁহাতি ব্যাটার। আইপিএল মাতিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটেও ১৫ বছর বয়সী ব্যাটারের পদধ্বনি শোনা যাচ্ছে। তার আগে অবশ্য ইংল্যান্ড সিরিজে ব্যর্থ হয়েছিলেন। সেখানে জোফরা আর্চার বারবার তাকে ফাঁদে ফেলেন। তাহলে কি কোনো বিশেষ বোলারকে ভয় পান বৈভব? চার শব্দে উত্তর দিলেন তিনি।
সম্প্রতি রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এক ভিডিও পোস্ট করা হয়। সেখানে ছিলেন ভারতের সিনিয়র ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। র্যাপিড ফায়ারে দুজনকে বেশ কিছু প্রশ্ন করা হয়। তার মধ্যে একটি ছিল- ‘কোন বোলারের বিপক্ষে ব্যাট করতে চাও না।’ উত্তরে বৈভব বলেন, ‘কোই নেহি আভি তক।’ অর্থাৎ এখন পর্যন্ত তিনি কাউকেই ভয় পান না। যদিও জাদেজা জানিয়ে দেন, ইংরেজ পেসার জোফরা আর্চারের বিপক্ষে তিনি খেলতে চান না। ঘটনা হচ্ছে, ইংল্যান্ডে তিন ইনিংসের মধ্যে দুবারই জোফরা বৈভবের উইকেট নিয়েছেন। যিনি কি না আবার রাজস্থান রয়্যালসেই খেলেন।
সেই ভিডিওতেই জানা যায়, বৈভব খেতে খুব ভালোবাসেন। এমনকী নিয়মিত ‘ছোটা ভিম’, ‘ওগি দ্য ককরোচেস’, ‘শিনচ্যানে’র মতো কার্টুন নিয়মিত দেখেন। সেইসঙ্গে এটাও জানান, সাহসী ব্যাটিংই তার মূল শক্তি।
উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বৈভবের মোট রান ১৫১। গড় ৫০.৩৩। এর মধ্যে দুটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৮১। ২৩০ ধাপ পেরিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে প্রথম ৫০-এ ঢুকে গেছেন তিনি। তারপর দলিপ ট্রফির পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তার হাতে। যে দলে রয়েছেন মোহাম্মদ শামি, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ এবং শাহবাজ আহমেদের মতো পরিচিত মুখ।
