
ক্রীড়া ডেস্ক:
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও টাটকা। এবার ২০২৬ বিশ্বকাপেও শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যদের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়তে চায় আলবিসেলেস্তেরা।
২০১৮ সালে ফ্রান্স বিশ্বকাপ জয়ের পর ২০২২ কাতার বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল ফরাসিরা। তবে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায় কিলিয়ান এমবাপের দল। ফলে পরপর দুই বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া হয় তাদের।
অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও অন্যতম ফেবারিট হিসেবে বিবেচিত হচ্ছে। শান্ত ও আত্মবিশ্বাসী কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এবার প্রতিপক্ষরা তাদের ভিন্নভাবে দেখবে। তবে দল প্রস্তুত বলেও জানান তিনি।
স্কালোনি বলেন, “আমরা ভালো অবস্থায় আছি এবং মুখিয়ে আছি। আমরা জানি প্রতিপক্ষরা আমাদের অন্যভাবে দেখবে, কারণ আমরা বর্তমান চ্যাম্পিয়ন। তবে ফুটবলে যেকোনো কিছুই হতে পারে।”
বিশ্বকাপে টানা দুইবার শিরোপা জয়ের ইতিহাস খুব বেশি দলের নেই। প্রথমবার এই কীর্তি গড়ে ইতালি। ১৯৩৪ ও ১৯৩৮ সালে টানা দুই বিশ্বকাপ জেতে আজ্জুরিরা। এরপর ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের জাদুতে একই কীর্তি গড়ে।
এবার সেই অভিজাত তালিকায় নাম লেখানোর লক্ষ্য আর্জেন্টিনার। লিওনেল মেসির অভিজ্ঞতা, তরুণদের আত্মবিশ্বাস ও স্কালোনির কৌশলে নতুন ইতিহাসের স্বপ্ন দেখছে পুরো আর্জেন্টিনা।
