
ভারত সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি, তবে বাংলাদেশের সামনে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থেমে থাকছে না। অক্টোবরেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার বিষয়টি নিশ্চিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠেয় এই সিরিজে থাকছে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে অক্টোবরের সিরিজটি চূড়ান্ত। তবে ওয়ানডেগুলোর সুনির্দিষ্ট সূচি ও আয়োজনের পরিকল্পনা নির্ধারণ করবে স্বাগতিক আফগানিস্তান।
গণমাধ্যমকে নাফীস বলেন, ‘অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে আমাদের একটি টেস্ট ও তিনটি সাদা বলের ম্যাচের সিরিজ রয়েছে। যেহেতু তারা এই সিরিজের আয়োজক, তাই সীমিত ওভারের ম্যাচগুলোর রূপরেখা ও সূচি তারাই চূড়ান্ত করবে।’
গত বছরও সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টিতে রশিদ খানদের দলকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ওয়ানডেতে চিত্র ছিল পুরোপুরি উল্টো; তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়েছিল লিটন-শান্তদের দল।
এবার ওয়ানডের পাশাপাশি টেস্টটিও বাংলাদেশের জন্য বাড়তি গুরুত্ব বহন করছে। আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার পর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশের জন্য প্রতিটি টেস্টের ফলই গুরুত্বপূর্ণ।
এরপর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেখানে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। এদিকে সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজ থাকায় বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত সফরটি অন্য সময়ে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ ভারত সিরিজের ভাগ্য ঝুলে থাকলেও অক্টোবরের আফগানিস্তান সিরিজ নিয়ে আপাতত কোনো সংশয় নেই।
