
সরকার অনুমতি দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে ক্রসফায়ার দিতেও পুলিশ প্রস্তুত বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, শান্তিতে বসবাস করতে হলে পুলিশের বিকল্প নেই। একই সঙ্গে কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি। তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে আলী হোসেন ফকির বলেন, পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করার ক্ষেত্রে বাস্তবতা বিবেচনায় নেওয়া উচিত। রাজধানীর ভাটারায় এক অতিরিক্ত আইজিপির বাড়িতে গোয়েন্দা পুলিশের অভিযান নিয়ে দেশের ১০১ বিশিষ্ট নাগরিকের দেওয়া বিবৃতিরও সমালোচনা করেন তিনি।
পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন আইজিপি। তিনি জানান, গত দুই মাসে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে ২৭ পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
জাতিকে বিভ্রান্ত করতে পতিত আওয়ামী লীগ গুজব ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান আইজিপি।
